পোশাক কারখানা স্থানান্তর নিয়ে শ্রমিক উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের একটি রপ্তানিমুখী পোশাক কারখানা স্থানান্তর এবং প্রতিশ্রুতি অনুযায়ী যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা না করায় শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুরে হায়দরী অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকেরা পোশাক কারখানা স্থানান্তর নিয়ে কর্তৃপক্ষ প্রতারণা করেছে অভিযোগ এনে শহরের চাষাঢ়া কলকারখানা ও প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক পরিদর্শন দপ্তরে এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিতে আসা কারখানার ফিনিশিং বিভাগের ইনচার্জ আতিকুর রহমান জানান, হায়দরী অ্যাপারেলস পোশাক কারখানায় প্রায় দেড় শ শ্রমিক কাজ করেন। তাঁদের বেশির ভাগই বসবাস করেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায়। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজি এ রহমান সুপার মার্কেটের কারখানা ১০ এপ্রিল বন্দর উপজেলার মদনপুরের কেওঢালা এলাকায় স্থানান্তর করা হয়। পোশাক কারখানা স্থানান্তরের পর শ্রমিকদের বন্দরে যাওয়ার জন্য বাস পরিবহনের আশ্বাস দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু গতকাল সকালে শ্রমিকেরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অপেক্ষা করলেও তাঁদের জন্য প্রতিশ্রুতি দেওয়া বাস পাঠানো হয়নি। শ্রমিকদের আশঙ্কা, তাঁদের যেকোনো সময় চাকরিচ্যুত করা হতে পারে। কারণ, মালিক কর্তৃপক্ষ কারখানা স্থানান্তরের আগে দেওয়া শর্তগুলো মানছে না। এ বিষয়ে চাষাঢ়ার কলকারখানা ও প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক পরিদর্শন দপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) জাকির হোসেন জানান, শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পোশাক কারখানার জিএম আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেছেন। শ্রমিকেরা এখন নিজ উদ্যোগে বন্দরে কারখানায় গেলে তাঁদের কাজে নেওয়া হবে। মালিকপক্ষ এখনই পরিবহন ব্যবস্থা করতে পারবে না।