গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার মখশ বিলের পরিবেশ দূষণের দায়ে দুটি পোশাক কারখানাকে গতকাল সোমবার ৪০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা দুটিকে দুই মাসের মধ্যে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনাবাড়ী এলাকার সরদার অ্যাপারেলস লিমিটেড ও ক্লাসিক অ্যাটায়ার্স লিমিটেডের রাসায়নিক-মিশ্রিত অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য কয়েক বছর ধরে স্থানীয় খালবিলে ফেলা হচ্ছে। কারখানা দুটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ দেওয়া হলেও কারখানা দুটি তা আমলে নেয়নি। এভাবে পরিবেশ দূষণের দায়ে সরদার অ্যাপারেলসকে ২৯ লাখ ১৮ হাজার এবং ক্লাসিক অ্যাটায়ার্সকে ১০ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।একই সঙ্গে কারখানা দুটিকে দুই মাসের মধ্যে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।