পোশাক কারখানার আটজন কর্মী গ্রেপ্তার, রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কলমা এলাকার ‘হট ড্রেস’ নামের পোশাক কারখানার হিসাব বিভাগ থেকে ৫১ লাখ ২৮ হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনায় পুলিশ ওই কারখানার ছয় কর্মকর্তা ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তাঁদের দুই দিনের পুলিশি রিমান্ডে দিয়েছেন আদালত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কারখানার সহকারী হিসাব ব্যবস্থাপক সৈয়দ নুর মোহাম্মদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, জিয়াউল হক, সহকারী মার্চেন্ডাইজার অখিল সরকার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল মান্নান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. রাসেল, পিয়ন নিরব ও নিরাপত্তাপ্রহরী আবদুস সালাম।
পুলিশ জানায়, গত রোববার এসই গ্রুপের হট ড্রেস ও উইন্টার ড্রেস নামের দুটি পোশাক কারখানার তিন হাজার ৫০০ শ্রমিককে আগস্ট মাসের বেতন দেওয়া হয়। ওই দিন (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অধিকাংশ শ্রমিকের বেতন দেওয়ার পর ৫১ লাখ ২৮ হাজার টাকা হট ড্রেসের তিন তলার হিসাব বিভাগের ভল্ট ও তাকে রাখা হয়েছিল। ওই রাতে কোনো এক সময় সব টাকা খোয়া যায়। এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) রফিকুল ইসলাম বাদী হয়ে ওই ছয় কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা বহিরাগত লোকজনের যোগসাজশে ভল্ট ও তাক থেকে ৫১ লাখ ২৮ হাজার টাকা চুরি করেছেন। পুলিশ জানায়, মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠায়। আদালতে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তৈয়বুল হাসান আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে টাকা খোয়া যাওয়ার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও টাকা উদ্ধারের চেষ্টা করা হবে।