পোশাক কারখানার কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার একজন কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে ফতুল্লার পঞ্চবটী ভোলাইল এলাকায় অবস্থিত পোশাক কারখানা এনআর গ্রুপের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাপক আলাউদ্দিন মিয়ার ওপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।আহত আলাউদ্দিন বলেন, সালাউদ্দিন নামের এক ব্যক্তি এনআর গ্রুপের রিপ কাটিং সেকশনে কাজ করতেন। কিন্তু কারখানার নিয়মভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করে। সালাউদ্দিনের নেতৃত্বে তাঁর ওপর এ হামলা চালানো হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।শ্রমিকদের অসন্তোষ: একজন শ্রমিককে চড় মারার প্রতিবাদে গতকাল ফতুল্লার দাপা এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা মেরিনা অ্যাপারেলসের সাতজন কর্মকর্তাকে শ্রমিকেরা অন্তত পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে র‌্যাব ও পুলিশ তাঁদের উদ্ধার করে।শ্রমিকদের অভিযোগ, সকালে সহকারী উৎপাদন কর্মকর্তা সাইদুল একজন শ্রমিককে চড় মারেন। এর প্রতিবাদে বেলা দুইটার দিকে অন্য শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার তিনতলা ও চারতলায় যান। এ সময় সহকারী উৎপাদন কর্মকর্তা সাইদুল, নজরুল ও ঠিকাদার সিদ্দিককে তিনতলায় আটকে রাখেন। এ ছাড়া তিন ও চারতলার ফটকে তালা দিয়ে আরও চারজন কর্মকর্তাকে তাঁদের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যা পৌনে সাতটায় র‌্যাব ও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুরাহা করার আশ্বাস দিলে শ্রমিকেরা চলে যান।