রাজধানীর অদূরে আশুলিয়ার জামগড়া এলাকার ‘আউলিয়া নিটওয়্যার লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের কারখানার ভেতরে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল সোমবার সন্ধ্যায়ও বিক্ষোভ ও অবরোধ অব্যাহত ছিল। বেতন না দিয়ে পালানোর সময় রোববার সন্ধ্যায় শ্রমিকেরা তাঁদের অবরুদ্ধ করেন।শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত কাজ করলেও তিন মাস ধরে কারখানার শ্রমিকদের কোনো বেতন দেওয়া হচ্ছিল না। গত রোববার যথাসময়ে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হওয়ার পর কর্মকর্তারা কারখানাটি ছুটি ঘোষণা করে দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। এই সুযোগে ওই দিন (রোববার) বিকেল পাঁচটার দিকে কর্তৃপক্ষ ট্রাকযোগে মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল খালেক বাধা দেন এবং মুঠোফোনে বিষয়টি শ্রমিকদের অবহিত করেন। খবর পেয়ে শ্রমিকেরা দ্রুত কারখানায় গিয়ে উৎপাদন ব্যবস্থাপক মো. রেজাউল করিম ও স্টোরকিপার মুরাদ হোসেনসহ তিন কর্মকর্তাকে কারখানার ভেতরে আটকে রেখে রাতভর বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে থাকে। গতকাল সকালে অবরুদ্ধ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলাপ করে তাঁদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পরও শ্রমিকেরা বেতন না পাওয়া পর্যন্ত তাঁদের অবরোধ করে রাখার ঘোষণা দেন।শ্রমিকেরা জানান, কারখানাটি চালু থাকলেও তিন মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয় না। এরপর আবার কৌশলে কারখানা ছুটি ঘোষণা করে বেতন না দিয়েই পালানোর চেষ্টা করেন কর্মকর্তারা। এ কারণেই রোববার সন্ধ্যা থেকে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত তাঁদের যেতে দেওয়া হবে না এবং শ্রমিকেরাও যাবেন না।উৎপাদন ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, তাঁদের বেতন দেওয়ার কোনো ক্ষমতা নেই। মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি টাকা নিয়ে আসার পর বেতন দেওয়া হবে।শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক মো. গোলাম রউফ খান বলেন, কারখানা মালিকের সঙ্গে কথা হয়েছে। তাঁর উত্তরার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। তিনি আগামীকাল (আজ মঙ্গলবার) বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। কিন্তু বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকেরা অবরুদ্ধ কর্মকর্তাদের ছেড়ে দেবেন না।