পোশাক কারখানার কর্মচারীকে অপহরণ?
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পোশাক কারখানার এক কর্মচারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন ওরফে রাজু (৩৫) নামের কারখানার ওই কর্মচারী কালিয়াকৈরের বাড়ৈপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানে থেকে চন্দ্রা এলাকার পল্লীরানী ড্রেসমিন লিমিটেড নামের একটি তৈরি পোশাকের কারখানায় অফিস সহকারী হিসেবে কাজ করতেন তিনি। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে কারখানায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মোতালেব। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। পরে তাঁর স্ত্রী পারভীন খাতুন কারখানায় খোঁজ নিয়ে জানতে পারেন, মোতালেব রোববার কারখানায় যাননি। ঘটনার পর থেকে মোতালেবের ব্যবহৃত দুটি মুঠোফোনও বন্ধ আছে। মামলার বাদী পারভীন আক্তার এজাহারে উল্লেখ করেন, কারখানায় কাজ করার সময় বিভিন্ন বিষয় নিয়ে শরিফুল ইসলাম ওরফে শামীম ও আফজাল হোসেনের সঙ্গে বিরোধ চলছিল মোতালেবের।
মোতালেব হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার মানদিয়া গ্রামে। পারভীন খাতুন বলেন, তাঁর স্বামী কারখানায় মালিকের কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে ওই দুজন তাঁর স্বামীকে অপহরণ করে থাকতে পারেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।