পোশাক কারখানার কর্মীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এক ব্যক্তিকে গলা কেটে খুন করা হয়েছে। গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলার কুমিরার সন্দ্বীপ ঘাটসংলগ্ন সড়কের পাশ থেকে শামসুল হুদা (৬২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।শামসুল হুদার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, বাড়ি আসার উদ্দেশে শনিবার কর্মস্থল থেকে রওনা দেন তিনি।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, ঘাটে থাকা সন্দ্বীপের এক ব্যক্তি শামসুল হুদার লাশ শনাক্ত করেন। পরে মুঠোফোনে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়।পুলিশ জানায়, শামসুল হুদাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওসি নূর মোহাম্মদ বলেন, ‘ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।’ তিনি বলেন, ‘মামলা-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে অনেক অগ্রগতিও রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন তা বলা যাচ্ছে না।’জানা গেছে, আজ সোমবার সন্দ্বীপের দেওয়ানি আদালতে একটি মামলায় শামসুল হুদার হাজিরা দেওয়ার কথা ছিল।শামসুল হুদার জামাতা বেলাল উদ্দিন গতকাল সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শামসুল হুদার লাশ মর্গে পাঠানো হয়েছে।