পোশাক কারখানার ঝুঁকি কমাতে ২৫ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে ২৫ লাখ মার্কিন ডলার বরাদ্দ করছে যুক্তরাষ্ট্রের শ্রম
মন্ত্রণালায়। সিএনএস নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস পত্রিকা গত শুক্রবার এ খবর
জানিয়েছে।
খবরে বলা হয়, অগ্নি নির্বাপণ-ব্যবস্থা এবং ভবনের নিরাপত্তা জোরদার করতে ২৫ লাখ ডলার বরাদ্দ করছে শ্রম
মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরো। ১৩ জুন এই বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত
আবেদন করা যাবে।
বাংলাদেশের যেসব কারখানা থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো পোশাক তৈরি করে সেই সব কারখানার কর্ম
পরিবেশ উন্নত করতে ওই অর্থ ব্যয় করা হবে।
আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে নিচু মানের
ভবন, জরুরি বহির্গমন পথের স্বল্পতা, অতিরিক্ত শ্রমিক এবং অপর্যাপ্ত পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা
বাড়ছে।’