পোশাক কারখানার দুই কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় মেট্রো নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, এর আগের রাতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের সময় স্থানীয় কয়েকজন আহত হওয়ার ঘটনায় গতকাল কারখানার সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে বিকেএমইএর পক্ষ থেকে এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।বিকেএমইএর শ্রমিক-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, শ্রমিকদের দাবি অনুযায়ী প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এইচ আর বিলাস ও বাবর আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের অন্যান্য দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে আজ (বুধবার) থেকে যথারীতি কাজ চলবে। বৈঠকে শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করিম, কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার, শ্রম অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে নারীদের জন্য নির্ধারিত নামাজ কক্ষে কারখানার মহাব্যবস্থাপকের (প্রশাসন) প্রবেশকে কেন্দ্র করে গত সোমবার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর করেন। পরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হলে পুলিশ, স্থানীয় বাসিন্দাসহ ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।