পোশাক কারখানার নিরাপত্তা দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হরতাল, অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পোশাক কারখানার নিরাপত্তা এবং কারখানায় সহিংস ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে তৈরি পোশাক খাতসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের এই আশ্বাস দেন। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। সন্ধ্যা ছয়টা ৪২ মিনিটে ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল গণভবনে প্রবেশ করে। রাত নয়টা ১৩ মিনিটে গণভবন থেকে বেরিয়ে আসেন ব্যবসায়ী নেতারা।

বৈঠকে পোশাক কারখানাগুলো কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) ঘোষণা করার দাবি জানান কারখানার মালিকেরা। আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম সড়কে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানান তাঁরা। বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমি তো হরতাল, অবরোধ দিইনি। যিনি দিয়েছেন, ওনার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন।’ সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানাটি দু-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রী পরিদর্শনে যাবেন বলেও তিনি জানান।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘নিরাপত্তার অভাবে কারখানা চালাতে আমরা আস্থা পাচ্ছি না। রাজনৈতিক দলগুলোর কাছে শিল্প খাত বলি হচ্ছে। এভাবে আর কত দিন বলি হব? অন্যথায় কারখানা বন্ধ করে দিতে হবে।’


এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ সাংবাদিকদের বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ওই কারখানার শ্রমিকদের মধ্য থেকে একটি নিরাপত্তা দল গঠনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানার আর্থিক ক্ষতি কাটিয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী।