পোশাক কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ লেভিনের
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে পরামর্শ দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান স্যান্ডি লেভিন। একই সঙ্গে তিনি রানা প্লাজার মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য সবাইকে কাজ করতে আহ্বান জানান।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার সন্ধ্যায় পোশাক কারখানার মালিকদের সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন স্যান্ডি লেভিন।
স্যান্ডি লেভিন সমিতির নেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের বর্তমান অবস্থা ও রানা প্লাজা ধসের পর নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। বৈঠক শেষে রাতে এসব কথা জানিয়ে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাজরীন ও রানা প্লাজা ধসের পর যেসব পদক্ষেপ নিয়েছি, তা বিস্তারিত আমরা স্যান্ডিকে জানিয়েছি। একই সঙ্গে শ্রম আইন সংশোধন, পোশাক খাতে নেওয়া জাতীয় নিরাপত্তা পরিকল্পনা, শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রক্রিয়া চলছে—সেটিও অবহিত করেছি।’ বৈঠকে স্যান্ডির স্ত্রী পামেলা লেভিন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।