পোশাক কারখানার ভবন নিরাপত্তায় অনুদান দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাক কারখানার ভবন নিরাপত্তা ও অগ্নিনির্বাপণব্যবস্থা শক্তিশালী করতে ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়। দেশের পোশাক খাতের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি সামনে রেখে এই অনুদান দেওয়া হবে। মার্কিন শ্রম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১০০-এর বেশি লোক নিহত হওয়ার প্রেক্ষাপটে এই অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত এপ্রিল মাসের ওই ঘটনায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন পোশাক খাতের কর্মী, যে খাত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশকে প্রতিনিধিত্ব করে থাকে।

মার্কিন শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের সরকার, শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী অগ্নিনির্বাপণ ও ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রশমনের লক্ষ্যে নানাভাবে চেষ্টা করছে। তবে বিদ্যমান পরিকল্পনাগুলো বাস্তবায়নে সরকার ও অন্য অংশীদারদের আরও অনেক কিছুই করার রয়েছে। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের কারিগরি সহায়তার এই অনুদান বিদ্যমান পরিস্থিতিকে মোকাবিলা করার যে বৃহত্তর কৌশল রয়েছে, তারই একটি গুরুত্বপূর্ণ উপাদানকে প্রতিনিধিত্ব করে।

আগামী অক্টোবর মাসের মধ্যে মার্কিন শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরোর মাধ্যমে এই অনুদান দেওয়া হবে। বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল।