পোশাক কারখানার র্যাঙ্কিংয়ের জন্য সূচক তৈরির কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর অগ্নিনির্বাপণ ও ইমারত নিরাপত্তাব্যবস্থা এবং কাজের পরিবেশের ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিংয়ের জন্য সূচক প্রস্তুত করার কাজ চলছে। গত সোমবার রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে ড. ইউনূস এসব কথা বলেন। নোবেলজয়ী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের (ইআইটিআই) মডেল অনুসরণ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপারেন্সি ইনডেক্স (জিআইটিআই) তৈরি করা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই সূচক তৈরিতে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে। আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে জার্মানির রাজধানী বার্লিনে জিআইটিআইয়ের প্রথম বৈঠক হতে পারে। ইআইটিআই একটি আন্তর্জাতিক মানসম্পন্ন সংস্থা, যা বিভিন্ন দেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করে। অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূস জানান, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য আন্তর্জাতিকভাবে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তাঁর আহ্বানে বিশ্বের অনেক খুচরা ব্যবসায়ী সাড়া দিয়েছেন। এ ছাড়া ‘হ্যাপি ওয়ার্কার্স ট্যাগ’-এর বিষয়েও বিস্তারিত কথা বলেন ক্ষুদ্রঋণের জনক। এটি শ্রমিকদের মানসম্মত জীবনযাপনে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।