পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক গত শনিবার ও গতকাল রোববার অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার কয়েকজন শ্রমিক বলেন, আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেডে প্রায় ৫ হাজার ২০০ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। কর্মরত সবার খাবার কারখানার নিজস্ব রান্নাঘরে প্রস্তুত করে ঠিকাদারি প্রতিষ্ঠান একে ট্রেডিং। গত বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পর ওই কারখানার ৭০ জন শ্রমিক পেটের পীড়ায় আক্রান্ত হন। পরে তাঁদের ঢাকায় আইসিডিডিআরবিতে পাঠানো হয়। শুক্রবার কারখানাটিতে সাপ্তাহিক ছুটি ছিল। গত শনিবার ৭০ জন ও গতকাল রোববার ৪০ জন একইভাবে অসুস্থ হয়ে আইসিডিডিআরবিতে চিকিৎসা নেন।
একে ট্রেডিংয়ের মালিক আল আমিন বলেন, খাদ্যে বিষক্রিয়া হলে প্রত্যেকেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু তাঁদের মধ্যে কয়েকজন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, খাদ্যের কাঁচামাল কারখানার প্রশাসনিক বিভাগ পরীক্ষা করে অনুমোদন দিলেই তা রান্নাঘরে নেওয়া হয়।
তবে এ বিষয়ে মালিকপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর সুপার সানা সামিনুর রহমান বলেন, ওই কারখানার শতাধিক শ্রমিকের পেটের পীড়া ও বমি বমি ভাব দেখা দিয়েছে। সরবরাহ করা খাবার ও পানি থেকে খাদ্যে বিষক্রিয়া হয়েছে কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বলেন, পেটের পীড়া ও বমিতে আক্রান্ত ৬৫ জন মহাখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কারখানার খাবার ও পানির নমুনা সংগ্রহ করে গত শনিবার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে কী কারণে ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হয়েছেন। ঘটনা তদন্তে বেপজা একটি কমিটি গঠন করেছে।