পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের সংঘর্ষ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কারখানার কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
কারখানার শ্রমিক, কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ৈপাড়া এলাকায় হ্যাসং বিডি লিমিটেডের পোশাক কারখানায় বার্ষিক ছুটির টাকা তিন মাস আগে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকেরা। কর্তৃপক্ষ দাবি মেনে নেয়নি। এতে ১ মার্চ থেকে কারখানায় শ্রমিক অসন্তোষ চলে আসছে। এ কারণে পাঁচ দিন কারখানা বন্ধ থাকার পর বুধবার শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করে কর্তৃপক্ষ। গতকাল সকালে কাজে যোগদান করেন শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ কারখানার শ্রমিকদের নিয়ে একটি বৈঠক করে। বৈঠকে শ্রমিকদের বেতন ১০ তারিখের পরিবর্তে ১৩ তারিখে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হন। এ সময় শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে কারখানার কর্মকর্তাদের ওপর হামলা চালান তাঁরা। শ্রমিকেরা কারখানার জিএম (প্রোডাকশন) মাহে আলমসহ কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। একপর্যায়ে কারখানার অন্য কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কারখানায় বহিরাগত কিছু লোক প্রবেশ করেন এবং শ্রমিকদের অবরুদ্ধ করে রাখেন। এতে শ্রমিকেরা চড়াও হলে কারখানার কর্মকর্তা ও বহিরাগত লোকজন তাঁদের ধাওয়া দিয়ে মারধর করেন। এ সময় মোজাম্মেল হক নামের এক পথচারী সংঘর্ষের ছবি তুলাতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে শ্রমিকেরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মাহে আলমসহ কারখানার কর্মকর্তা মজনু মিয়া, সুমন হোসেন, সাগর আহমেদ, আলী হোসেন, নিরাপত্তাকর্মী মোস্তফা হোসেন ও আব্দুল আজিজ আহত হন। পথচারীসহ কয়েকজন শ্রমিকও আহত হন। আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ কারখানায় যায়। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের অর্ধশতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় দুর্ভোগে পড়েন ক্রেতা-বিক্রেতারা। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে দোকানপাট খোলা হয়।
শ্রমিকদের মারধরের কথা অস্বীকার করে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) দুলাল সাহা বলেন, বার্ষিক ছুটির টাকা দাবির বিষয়টি মীমাংসা করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তাঁদের বেতনের তারিখ তিন দিন পেছানো হয়। এতে শ্রমিকেরা কর্মকর্তাদের ওপর হামলা চালান এবং ছয়জন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।