পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা অতিরিক্ত কাজের মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় তাঁরা একটি বাস ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। গতকাল বুধবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের মাসদাইর এলাকায় অবস্থিত শোভন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তৌফিক সোয়েটার কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরেই বিকেল পাঁচটার পর কাজের জন্য দ্বিগুণ মজুরির দাবি করে আসছেন। এ নিয়ে কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা তাঁদের বেতন বৃদ্ধিসহ আরও কিছু দাবি উত্থাপন করেন। গতকাল সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত কাজের পারিশ্রমিকের দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা সড়ক অবরোধ করে একটি বাস ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এতে ওই সড়কে বেলা পৌনে ১১টা থেকে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।