পোশাক কারখানার ৪৮৪ শ্রমিককে ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার ৪৮৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ ইপিক-১ ও ইপিক-৩ ইউনিটের এই চাকরিচ্যুত শ্রমিকদের নাম কারখানার ফটকে টাঙিয়ে দেয়। নোটিশ দেখে শ্রমিকেরা সকালে উত্তেজিত হয়ে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আদমজী ইপিজেডের জিএম মো. মেহবুব আলী সাংবাদিকদের জানান, ইপিক গ্রুপের ইপিক-১ ও ইপিক-৩ ইউনিটে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে এই দুটি কারখানার শ্রমিকেরা কর্মরিবতি পালন করে আসছিলেন। এমনকি তাঁরা কারখানায় ভাঙচুর করেন। এতে কারখানায় অস্থিতিশীল পরিবেশ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ইপিক কর্তৃপক্ষ গত মঙ্গলবার ইপিক-১ ও ইপিক-৩ ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে গতকাল কারখানার পরিবেশ ফিরিয়ে আনতে শৃঙ্খলা ভঙ্গ, বেপজার আইন পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ ৪৮৪ জন শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়। বেপজার আইন অনুযায়ী ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনাদি বিকেল থেকেই পরিশোধ করা শুরু হয়েছে বলেও জানান জিএম মেহবুব আলী।