পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় মীম গ্রুপের আলেমা টেক্সটাইল কারখানায় গত সোমবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মেশিন ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে।

কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় কারখানা গতকাল এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। কারখানাটি পুরোপুরি চালু করতে আগামী শনিবার পর্যন্ত সময় লাগবে।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, আলেমা টেক্সটাইল কারখানার ছয়তলা ভবনের ছাদে সম্প্রতি ইস্পাত দিয়ে আরও একটি তলা নির্মাণ করা হয়। সেখানে মেশিন ও রপ্তানিযোগ্য তৈরি পোশাক রাখা হতো। সোমবার রাত ১১টার দিকে ভবনটির ওই তলায় অগ্নিকাণ্ড ঘটে। শ্রমিকেরা প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কারখানার অগ্নিনির্বাপণ যন্ত্র বিকল হয়ে পড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী, উত্তরা ও সদর দপ্তরের ১৩টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত পৌনে দুইটার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও গতকাল মঙ্গলবার থেমে থেমে স্ফুলিঙ্গ দেখা যায়। বেলা দেড়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ভবনের ছাদের একাংশ ধসে পড়ে।

কারখানার চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সপ্তম তলায় থাকা রপ্তানিযোগ্য বিপুল পরিমাণ টি-শার্ট, পলো শার্টসহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক ও প্রায় চার শ মেশিন পুড়ে গেছে। এতে তাঁদের ৫৫-৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, গতকাল বেলা দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে।