পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গাজিরচট এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে বাংলা-জাপান ট্রেডিং নামের একটি পোশাক কারখানায় আগুনে তৈরি পোশাকসহ বিভিন্ন যন্ত্র পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

সাততলা একটি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় বাংলা-জাপানের কারখানা আর নিচতলায় গুদাম। দ্বিতীয় ও তৃতীয় তলায় এইচ টু নামের একটি ছাপাখানাসহ চতুর্থ ও পঞ্চম তলায় ব্রাইন নিট কম্পোজিট নামের আরও একটি কারখানা রয়েছে। আগুন লাগা কারখানাটির মালিক জাপানের হিরোনোরি ইয়োশিদা। তিনি বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছেন। 

আশুলিয়া থানা ও কারখানা সূত্র জানায়, বড়দিন উপলক্ষে বুধবার কারখানা বন্ধ ছিল। গতকাল কারখানা খুলে সকাল সাড়ে সাতটার মধ্যে কর্মকর্তারা ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে বৈঠকে বসেন। সাতটা ৫৫ মিনিটে সপ্তম তলার দক্ষিণ দিকে আগুন ধরে। তখন শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন। আগুন লাগার পরপরই কারখানার পক্ষ থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসকে জানানো হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের সঙ্গে যোগ দেয় কালিয়াকৈর, সাভার, টঙ্গী ও ঢাকার সদর দপ্তর থেকে আরও ছয়টি ইউনিট। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে কারখানার নিরাপত্তাসহ আগুন নেভানোর কাজে সহায়তা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল হামিদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে কারখানার সপ্তম তলার দেড় শতাধিক মেশিনসহ বেশ কিছু পোশাক পুড়ে গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, আগুনে কারখানার কত টাকার ক্ষতি হয়েছে, তা কারখানার পক্ষ থেকে জানানো হয়নি।  

 কারখানার ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব কুমার রায় বলেন, শ্রমিকদের জন্য কারখানার তালা খোলার সময় নিরাপত্তাকর্মী আকরাম হোসেন তাঁকে আগুন লাগার খবর জানান। এর পরই তাঁরা কর্মকর্তাদের নিয়ে কারখানা থেকে বের হয়ে পড়েন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আগুনে সপ্তম তলার যন্ত্র ও তৈরি পোশাক পুড়ে গেছে। পরে হিসাব করে ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।