পোশাক কারখানায় আগুন, পদদলিত হয়ে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় গতকাল শনিবার সকালে আগুন লাগে। এ আগুন কিছু সময়ের মধ্যে নেভানো সম্ভব হলেও আতঙ্কগ্রস্ত শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামার সময় পদদলিত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে রাবেয়া আক্তার, মিনারা আক্তার, আইরিন, কাঞ্চন, বেলি আক্তার, আকলিমা, আম্বিয়া খাতুন, মিনা খাতুন, নাজমা বেগম, শামছুন্নাহার, ভগিরত, শিল্পী আক্তার, নূপুর খাতুন, রোকেয়া আক্তার, এরিনা আক্তার ও রাশিদা বেগমকে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কারখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেয়ার ট্রেড লিমিটেড নামের ওই কারখানার দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে ওই তলায় মজুদ রাখা কাগজের কার্টনে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন।কারখানার কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ক্ষয়ক্ষতি হয়নি। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পদদলিত হয়ে বেশ কিছুসংখ্যক শ্রমিক আহত হন।