পোশাক কারখানায় আগুন
ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে আরভা টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগে কাপড় ও তৈরি পোশাক পুড়ে গেছে। আগুন লাগার পরপরই শ্রমিক ও কর্মকর্তারা নিরাপদে বের হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।শিল্প পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ছয়তলা বিশিষ্ট কারখানার নিচতলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ডিইপিজেড) ঢাকার প্রধান কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।কারখানার মানবসম্পদ বিভাগের কমপ্ল্যায়েন্স কর্মকর্তা রোজিনা নাজনীন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় স্বয়ংক্রিয় অগ্নিসংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে উঠলে শ্রমিক ও কর্মকর্তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে কারখানা থেকে বের হয়ে যান। কারখানার বাণিজ্যিক ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, নিচতলার গুদামে অস্থায়ী বৈদ্যুতিক লাইন ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে অন্তত পাঁচ কোটি টাকার কাপড় ও তৈরি পোশাক পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আশুলিয়ায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক মামুন মোল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো কারণ নেই। যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘তদন্ত ছাড়া আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা মুশকিল। ক্ষয়ক্ষতির পরিমাণও বলা সম্ভব নয়।’শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. শাহীনূর আলম খান প্রথম আলোকে বলেন, ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হবে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।