পোশাক কারখানায় আগুন-আতঙ্ক, আহত ২০
গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় গতকাল রোববার সকালে পোশাক তৈরির কারখানায় আগুন-আতঙ্ক দেখা দেওয়ায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন। কর্তৃপক্ষ কারখানাটি এক দিনের ছুটি ঘোষণা করেছে।কারখানা সূত্রে জানা গেছে, কাশিমপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার আলীম নিট বিডি লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় গতকাল রোববার বেলা ১১টার দিকে আগুন-আতঙ্ক দেখা দেয়। ওই সময় কারখানার প্রিন্টিং সেকশনের একটি বৈদ্যুতিক সকেটে স্পার্ক করে বিকট শব্দ হয়। এতে পুরো কারখানায় আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন লেগেছে—এমন গুজবে সাড়ে তিন হাজার শ্রমিক হুড়োহুড়ি করে বের হতে যান। এ সময় সিঁড়িতে পড়ে কমপক্ষে ২০ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের মধ্যে শিউলি আক্তার, রুমা, সুরজ মিয়া, শেফালী বেগম, বিউটি আক্তার, ফাহিমা, সাইফুল, আবদুল খালেকসহ অন্যদের কারখানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।