পোশাক কারখানায় আগুন আতঙ্কে পদদলিত হয়ে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় বন্ডেড ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় গতকাল বুধবার আগুন আতঙ্কে পদদলিত হয়ে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে ২২ জনকে সাতাইশ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন ও কারখানার শ্রমিক জানান, সকাল সোয়া নয়টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে কারখানায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ খবরে ভবনের পাঁচটি তলায় কর্মরত সহস্রাধিক শ্রমিকের প্রায় সবাই একযোগে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় অনেক শ্রমিক পায়ের নিচে চাপা পড়ে আহত হন। শ্রমিকেরা বলেন, কারখানায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁরা দ্রুত নামার চেষ্টা করেন। আগুন আতঙ্ক বা আগুন লাগলে করণীয় সম্পর্কে সচেতনতাও নেই তাঁদের। ফলে সাধারণ শর্টসার্কিটের সংবাদেই একসঙ্গে সবাই বের হওয়ার চেষ্টা করেন। কারখানার পরিচালক শাহনেওয়াজ আলী বলেন, ‘আহত শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচ তাঁরা বহন করবেন।’