বাংলাদেশে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করার চেষ্টা করলেই তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন মালিকেরা। তাঁদের মারধর এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। এ অভিযোগ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
‘বাংলাদেশ: পোশাকশিল্প শ্রমিকদের অধিকার রক্ষা করুন’ শীর্ষক ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার। সেখানে মালিকেরা যাতে এসব ভয়ভীতি ও হুমকি বন্ধ করেন, তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া শ্রমিকনেতাদের যারা মারধর করেছে, তাদের শাস্তি দেওয়ারও আহ্বান জানানো হয়।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এইচআরডব্লিউএর এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে শ্রমিকনেতারা মারধরের ঘটনা না ঘটলেও ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন।
প্রতিবেদনে সংস্থাটি বলেছে, তারা গত বছরের অক্টোবর থেকে ঢাকা ও এর আশপাশের ২১টি কারখানার ৪৭ জন শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছে। প্রতিবেদনটিতে চারটি কারখানার সাতজন নারী ও পুরুষ শ্রমিকের সাক্ষাৎকার তুলে ধরা হয়। তবে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেসব শ্রমিকের পরিচয় দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে একজন নারী শ্রমিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইউনিয়নের নিবন্ধনপত্র কারখানার মালিককে দেখালে মালিক সেটি ডাস্টবিনে ফেলে দেন এবং শ্রমিকদের ভয় দেখান। সেই শ্রমিকের দুজন সঙ্গীকে পরে অচেনা লোকজন আক্রমণ করে। দুই সপ্তাহ পরে মালিকের ভাইয়ের নেতৃত্বে একদল লোক এসে ভয় দেখান। তারপর এই শ্রমিক কাজ ছেড়ে দেন।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে এ প্রতিবেদন নিয়ে সংস্থাটি কথা বলতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো অভিযোগ শ্রমিকদের পক্ষ থেকে পাইনি।’ প্রতিবেদনের অভিযোগ নিয়ে তিনি শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।
বিজিএমইএর সহসভাপতি এস এ মান্নান গতকাল মুঠোফোনে বলেন, ‘শ্রমিকদের মারধর বা হত্যার হুমকির কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অন্তত গত ছয়-সাত মাসে এমন অভিযোগ পাইনি।’ তিনি জানান, প্রায় আট মাস আগে দুটি কারখানার মালিকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এসেছিল। এর পরিপ্রেক্ষিতে বিজিএমইএ ব্যবস্থা নেয় এবং চাকরি হারানো শ্রমিকদের পুনর্বহালের ব্যবস্থা করা হয়। এইচআরডব্লিউর প্রতিবেদনকে মিথ্যা বলে উল্লেখ করলেও এটি আরও যাচাই-বাছাই করে দেখবেন বলে জানান মান্নান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহম্মদ বলেন, দেশের প্রায় পাঁচ হাজার কারখানার মধ্যে ট্রেড ইউনিয়ন আছে মাত্র ১০০টিতে। তিনি বলেন, তর্কের খাতিরে এইচআরডব্লিউর প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলা গেলেও এ চিত্র ভালো বার্তা দেয় না।