গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার এক কর্মীকে মারধর করার অভিযোগে গতকাল মঙ্গলবার কারখানার মহাব্যবস্থাপককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, শনিবার সকাল ১০টায় টঙ্গী বাজার এলাকার ডিএসএল ওয়্যার লিমিটেডের ফ্লোর ইনচার্জ মো. মিজানের সঙ্গে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মাসুদুর রহমানের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিজানকে প্রচণ্ড মারধর করেন মাসুদুর। সহকর্মীরা মিজানকে টঙ্গী স্টেশন রোডের একটি হাসপাতালে ভর্তি করান। চিকিত্সকেরা জানান, আঘাতের কারণে মিজানের ঘাড়ে জখম হয়েছে। তাঁর দীর্ঘমেয়াদি চিকিত্সার প্রয়োজন। কারখানা থেকে জানা যায়, ডিএসএল ওয়্যার লিমিটেড আবা গ্রুপ অব কোম্পানির একটি অঙ্গপ্রতিষ্ঠান। মারধরের পর গত দুই দিনেও কারখানা কর্তৃপক্ষ মিজানের কোনো খোঁজখবর নেয়নি, বরং তাঁকে কারখানা থেকে বরখাস্ত করার হুমকি দেন মাসুদুর। এতে কারখানার শ্রমিকেরা জিএমের বিচারের দাবিতে কর্মবিরতি আন্দোলনের ঘোষণা দেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাহার উদ্দিন গতকাল শ্রমিকদের পক্ষে কারখানা কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানান। মারধরের ঘটনাটি জানতে পারেন কারখানার চেয়ারম্যান সাজ্জাদুর রহমান। তিনি মিজানের চিকিত্সার ব্যয়ভার বহনের ঘোষণা দেন। একই সঙ্গে মাসুদুরকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে এ ধরনের আচরণ না করতে সতর্ক করেন।মিজানকে মারধরের ব্যাপারে বক্তব্য জানতে জিএম মাসুদুরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।আবা গ্রুপ অব কোম্পানির নির্বাহী পরিচালক আতিকুর রহমান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কেউ কোনো অন্যায় আচরণ করলে কখনোই ছাড় দেওয়া হয় না। মাসুদুরকে নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।’