পোশাক কারখানায় মালিক ও শ্রমিকপক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুটি না দেওয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার মোতালেব মনোয়ারা নামের একটি পোশাক কারখানায় মালিক ও শ্রমিকপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে ক্যাডটেক্স ও আবির ফ্যাশন নামের দুটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকেরা বলেন, গতকাল ফতুল্লার কাঠেরপুল এলাকায় রপ্তানিমুখী মোতালেব মনোয়ারা পোশাক কারখানার সুইং বিভাগের অপারেটর রোজিনা অসুস্থ হয়ে পড়লে তিনি কর্তৃপক্ষের কাছে ছুটি চান। এতে ক্ষিপ্ত হয়ে সহকারী উৎপাদন ব্যবস্থাপক নজরুল ইসলাম তাঁকে ধাক্কা দেন। ঝুমুর নামের আরেকজন নারী শ্রমিক এর প্রতিবাদ করলে তাঁকেও দেয়ালের সঙ্গে মাথা চেপে ধরে মারধর করা হয়। এতে ঝুমুর জ্ঞান হারিয়ে ফেলেন। এ নিয়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। মালিকপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে মোতালেব মনোয়ারা গার্মেন্টসের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, ‘এবার ঈদে শ্রমিকদের পাঁচ দিনের ছুটি দিই। এরপর শ্রমিকদের কর্মস্থলে ফেরার কথা। কিন্তু ২৭ জন শ্রমিক অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা বলেছি, কিন্তু করিনি। এ নিয়ে শ্রমিকেরা কারখানায় তাণ্ডব চালিয়ে পাঁচ-সাতজনকে মারধর করে আহত করেছে।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, কারখানার পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত রপ্তানিমুখী ক্যাডটেক্স লিমিটেড ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরের বিশৃঙ্খলার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে গত সোমবার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। তাঁরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা শহরের প্রধান সড়কগুলোয় মিছিল করে চাষাঢ়া প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে সমাবেশ করেন। এ সময় শ্রমিকেরা নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর কাছে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। অপরদিকে ৪ জুলাই শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে একই এলাকায় অবস্থিত আবির ফ্যাশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে কারখানাটি খোলার কথা ছিল। গতকাল বেশির ভাগ শ্রমিক ঈদের ছুটি শেষে ফিরে এসে ৬ জুলাই থেকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে মিছিল করেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীন বলেন, ‘মালিকপক্ষ যে ঠুনকো অভিযোগে ক্যাডটেক্স গার্মেন্টস বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে, সেটাকে আমরা ষড়যন্ত্রমূলক মনে করছি। আবির ফ্যাশনের শ্রমিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলাসহ কারখানা বন্ধের চক্রান্ত করেছে মালিকপক্ষ। দুটি কারখানাই বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক।’
বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক বলেন, ‘এ ঘটনাগুলোতে মালিকপক্ষ সমস্যার কথা আমাদের কাছে জানালেও শ্রমিকনেতারা কিছু জানাননি। আমরা এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি।’