পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন পরিশোধ ও কারখানা স্থানান্তর বন্ধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ভান্নারা এলাকার দেইয়ূ বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্তৃপক্ষ তিন মাস আগে উপজেলার চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকায় কারখানার নিটিং শাখাটি স্থানান্তর করে শ্রমিকদের সেখানে যোগদান করতে বলে। কিন্তু সেখানে শ্রমিকেরা সেখানে যেতে চান না। এ নিয়ে তিন মাস ধরে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের মতবিরোধ চলে আসছে। পরে কারখানা কর্তৃপক্ষ কৌশলে ওই শাখার শ্রমিকদের বকেয়া তিন মাস ১৩ দিনের বেতন আটকে দেয়। এদিকে রোববার পর্যন্ত তিন দিনের ছুটিতে কারখানার অনেক শ্রমিক গ্রামের বাড়ি চলে যান। এই সুযোগে মালিকপক্ষ ওই কারখানা থেকে নিটিং শাখার যন্ত্রপাতি চন্দ্রা শাখায় স্থানান্তর করে। ছুটি শেষে গতকাল সোমবার সকালে নিটিং শাখার শ্রমিকেরা কাজে যোগদান করতে যান। এ সময় যন্ত্রপাতি দেখতে না পেয়ে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশের ওসি আবদুল খালেক বলেন, মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২৫ তারিখে দেওয়ার কথা বললে তাঁরা চলে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।