পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ কারখানার গেটে সুইং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দিলে কাজে আসা অন্য সেকশনের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে অবস্থিত ইসলাম গ্রুপে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির ২০০ শ্রমিক নিয়োগপত্র, পরিচয়পত্র, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। সম্প্রতি প্রতিষ্ঠানের মালিকপক্ষ দাবি না মেনে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কারখানার শ্রমিক রহমান, মামুন, সবুজ, শিল্পী, হাসান, মাজেদাসহ ছয়জনকে চাকরিচ্যুত করে। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে সুইং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করেন কারখানার অন্যান্য সেকশনের শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, শ্রমিকেরা নিয়োগপত্র, বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আন্দোলন করলে কারখানার মালিক পক্ষের লোকজন তাঁদের নানাভাবে হুমকিধমকি দিচ্ছে। এ ছাড়া শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন অনেক শ্রমিককে হুমকি দিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (প্রশাসন) শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে শ্রমিকদের ধর্মঘটকে বেআইনি হিসেবে উল্লেখ করে বলেন, শ্রম আইন অনুযায়ী তাঁরা শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পরও কিছুসংখ্যক শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করলে তাঁরা সুইং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।