পোশাক কারখানায় 'ভূত' আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরের একটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ‘ভূত’ আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে গত শনি ও গতকাল রোববার ওই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের উপব্যবস্থাপক (জনসংযোগ) হারুন-অর-রশীদ বলেন, অসুস্থ শ্রমিকেরা গা-ঝিমঝিম, হাত-পা ও পেটে ব্যথা, বমি বমি ভাব ও অচেতন হয়ে পড়া ইত্যাদি উপসর্গ নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি হন। তবে বিষয়টি মনস্তাত্ত্বিক বলে মনে হচ্ছে।

শিল্প পুলিশ, শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেকো ডিজাইন নামের ওই কারখানায় শনিবার দুপুরের খাবারের পর কয়েকজন শৌচাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ খবর প্রচার হওয়ার পরপরই কারখানার ছয়তলা ভবনের বিভিন্ন তলার শ্রমিকদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকেন। তাঁদের মধ্যে ৪৯ জনকে চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে ওই রাতেই বাসায় ফিরে যান শ্রমিকেরা।

গতকাল সকাল আটটার দিকে কাজ শুরুর কিছু সময় পর শ্রমিকদের মধ্যে আবার ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে দুই শ্রমিককে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থ শ্রমিক সাথী দাস বলেন, শৌচাগারে কিছু একটা দেখে তাঁদের কয়েকজন সহকর্মী অসুস্থ হয়ে পড়েন। এই খবর প্রচার হওয়ার পরপরই পুরো কারখানায় ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁরা হাত-পা ও পেটে ব্যথাসহ মাথা ঘোরা ও বমি বমি ভাব অনুভব করতে থাকেন। একপর্যায়ে তাঁদের অনেকে অচেতন হয়ে পড়েন।

শনিবারের ঘটনার পর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য কারখানায় গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা যায়নি। পরে হাসপাতাল থেকে কারখানার এক কর্মকর্তার মুঠোফোন নম্বর সংগ্রহ করে কথা বলার চেষ্টা করা হয়। ওই কর্মকর্তা ফোন ধরলেও এ বিষয়ে কথা বলেননি। গতকালের ঘটনার পরও কারখানায় ঢুকতে না পারায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যায়নি।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক (পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান গতকাল কারখানা পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, কারখানা পরিদর্শন করে শ্রমিকদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়ানোর মতো কোনো আলামত বা কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে শ্রমিকদের মধ্যে ভূতের আতঙ্ক লক্ষ করা গেছে।