পোশাক খাতে অস্থিরতার পেছনে রয়েছে তৃতীয় পক্ষ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোশাক খাতে সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে এই খাতেরই তৃতীয় পক্ষের হাত। ওই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমি ইতিমধ্যেই জেনেছি।’—রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গত শনিবার মহান মে দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা বলেন, ‘তৃতীয় পক্ষটি তাদের নীল নকশা বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করা ওই সব পোশাক শ্রমিককে ব্যবহার করছে। আর্থিক সুবিধা পাওয়ার কথা বলে তাঁদের উসকানি দিচ্ছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি ওই কায়েমি স্বার্থবাদীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, কয়েকজনের নাম ইতিমধ্যেই তাঁর হাতে এসেছে। সব তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখছেন। তিনি বলেন, পোশাকশিল্পে ভাঙচুরের ঘটনায় মালিক ক্ষতিগ্রস্ত হলেও শ্রমিকেরা লাভবান হয় না। তৃতীয় পক্ষ লাভবান হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশ। মে দিবসের বক্তৃতায় শেখ হাসিনা শ্রমিকদের প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা দিতে পোশাকশিল্পের মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের যাতে মানবেতর জীবনযাপন করতে না হয় সে ব্যাপারে তিনি মালিকদের সহানুভূতিশীল হতে বলেন। একই সঙ্গে তিনি এই খাতে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের প্রতিও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে শ্রমবান্ধব হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে শ্রমিকদের অবসরে যাওয়ার বয়স ৫৭ থেকে ৬০-এ উন্নীত করা, স্থায়ী মজুরি কমিশন ও ন্যূনতম মজুরি বোর্ড গঠন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করার জন্য আচরণবিধি প্রণয়নসহ বিভিন্ন কর্মসূচির কথা তিনি উল্লেখ করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব নুরুল হকের সভাপতিত্বে এই আলোচনায় আরও বক্তব্য দেন শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, আইএলও প্রতিনিধি গগন রাজভান্ডারী ও এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভানেত্রী রোকেয়া আফজাল। প্রধানমন্ত্রী পোশাকশিল্পের শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে তাঁর বিগত সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এই শিল্পের শ্রমিকদের ডরমেটরি নির্মাণের জন্য মাত্র ১ শতাংশ হারে সুদের বিনিময়ে এনজিওদের ঋণ দেওয়া হয়েছিল। ব্র্যাককে ১০ কোটি টাকা দেওয়া হয়েছিল। ব্র্যাক এ শিল্পের শ্রমিকদের জন্য ডরমেটরি তৈরি করেছিল। অন্য কোনো এনজিও বা পোশাকশিল্পের মালিক ডরমেটরি নির্মাণে এগিয়ে এলে তিনি আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দ থেকে তাদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। শেখ হাসিনা বিগত বিএনপি-জামায়াত সরকার আমলে দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান আদমজী পাটকল বন্ধ করে দেওয়ার সমালোচনা করে বলেন, এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে একদিকে হাজার হাজার শ্রমিককে বেকার করা হয়েছে, অন্যদিকে শিল্পের কোটি কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে।