পোশাক খাতে ছাঁটাই বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
তৈরি পোশাকশিল্প কারাখানায় শ্রমিক ছাঁটাই বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, বর্তমানে বেশ কিছু কারখানায় শ্রমিক ছাঁটাই চলছে। যার পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে। শ্রমিক ছাঁটাই বন্ধে সংসদীয় কমিটি আগামী ৪ জুন তৈরি পোশাকশিল্প খাতের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক করবে।
বৈঠক শেষে কমিটির সদস্য শিরীন আখতার প্রথম আলোকে বলেন, সামনে রমজান, তারপর ঈদ। তাই এ সময়ে যাতে কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই না হয়, তাঁরা যাতে ঠিক মতো বেতন-ভাতা পান, কমিটি মন্ত্রণালয়কে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় শিল্প গড়ে উঠেছে, কমিটি সেখানে শ্রম আদালত গঠনের সুপারিশ করেছে। বৈঠকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইতিমধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক পদে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান কার্যালয়সহ ২৩টি জেলায় ৯৯৩ জন জনবল নিয়ে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। আরও জনবল নিয়োগের কাজ চলছে। ইতিমধ্যে ৬৭ জন পরিদর্শক নিয়োগের কাজ চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের কাজের পরিধি বাড়ায় একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিবসহ মোট ৯৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যার মধ্যে ৫৫টি পদের ব্যাপারে সম্মতি পাওয়া গেছে।
কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এবং ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, রুহুল আমিন, রেজাউল হক চৌধুরী ও রোকসানা ইয়াসমীন অংশ নেন।