উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, তৈরি পোশাক খাতে একটি নতুন কারখানা স্থাপন করতে সরকারের ১৬টি প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে সাত থেকে ২০ লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি ‘তৈরি পোশাক খাত: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিষ্ঠানটির গবেষক দল ৮০টি কারখানা ঘুরে এই প্রতিবেদন প্রস্তুত করে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সাংসদদের মধ্যে ১০ শতাংশ প্রত্যক্ষভাবে তৈরি পোশাকশিল্প মালিক, পরোক্ষভাবে এ ব্যবসায়  জড়িত আছেন নীতিনির্ধারণী পর্যায়ের বহু লোক। তাঁরা তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। সে কারণে শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিরা বাধার সৃষ্টি করেন।

টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো, ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ৪০-৫০ জনের হাতে কুক্ষিগত থাকা।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ শিল্পে সুশাসন প্রতিষ্ঠা খুব জরুরি। কিন্তু যেকোনো দুর্ঘটনার পর যে-ই এ বিষয়ে সমালোচনা করুন না কেন তাঁকে বিদেশি চর বলে আখ্যা দেওয়া হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, গার্মেন্টস খাতটি কার্যত অভিভাবকহীন। এটি একটি আলাদা মন্ত্রণালয়ের অধীনে আনা দরকার। 

নিয়মবহির্ভূত অর্থ ব্যয়

টিআইবির গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির উপকর্মসূচি ব্যবস্থাপক শরীফ আহমদ চৌধুরী এবং সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নাজমুল হুদা মিনা। টিআইবি বলছে, কারখানার লাইসেন্স নিতে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে ৩০ থেকে ৪০ হাজার, শ্রম লাইসেন্স ও ট্রেড ইউনিয়ন নিবন্ধনে শ্রম পরিদপ্তরকে দুই থেকে পাঁচ হাজার, ট্রেড ইউনিয়ন বন্ধ করার জন্য ৫০ হাজার থেকে এক লাখ, ভূমি ব্যবহার ছাড়পত্র পেতে রাজউককে ৩০ থেকে ৩৫ হাজার, ভবন নির্মাণের নকশা অনুমোদনে এক লাখ ২৪ হাজার থেকে তিন লাখ ৫৪ হাজার, সিটি করপোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন ট্রেড লাইসেন্স করতে এক হাজার থেকে ২৫ হাজার, ভবন নির্মাণের নকশা অনুমোদন বা কারখানা নির্মাণ ছাড়পত্র বা অনাপত্তিপত্র নিতে ৫০ হাজার থেকে তিন লাখ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপক ও নিরাপত্তা লাইসেন্স নিতে ৩০ হাজার থেকে ৪০ হাজার, বয়লার লাইসেন্সে বয়লার পরিদর্শকের কার্যালয় ৫০ হাজার থেকে ৬০ হাজার, পরিবেশবিষয়ক লাইসেন্স পেতে পরিবেশ অধিদপ্তরকে ৫০ হাজার থেকে এক লাখ ২০ হাজার, বিনিয়োগ সার্টিফিকেট পেতে বিনিয়োগ বোর্ডকে ১০ হাজার থেকে ৫০ হাজার, তালিকাভুক্তি সনদ পেতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে আট থেকে ১০ হাজার, আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ পেতে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়কে ৩০ থেকে ৫০ হাজার, ভ্যাট রেজিস্ট্রেশনে জাতীয় রাজস্ব বোর্ডকে পাঁচ থেকে ২৫ হাজার, বন্ড লাইসেন্সে কাস্টমস অ্যান্ড একসাইজে এক লাখ থেকে আড়াই লাখ, রেজিস্ট্রেশনে জয়েন্ট স্টক কোম্পানিকে ৩০ হাজার থেকে ৪০ হাজার, বিদ্যুত্সংযোগে ডেসা বা ডেসকোকে ৫০ হাজার থেকে এক লাখ, গ্যাস সংযোগে ৫০ হাজার থেকে এক লাখ ও পানির সংযোগে ওয়াসাকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেশি দিতে হয়।

গবেষকেরা বলছেন, বর্তমান সংসদের শতকরা ১০ জন সাংসদ প্রত্যক্ষভাবে গার্মেন্টস ব্যবসায় যুক্ত। এঁরাই আবার বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। ফলে এ খাতে ইতিবাচক সংস্কারে বাধা ও দীর্ঘসূত্রতা দেখা দেয়। যেমন বস্ত্র ও পোশাকশিল্প বোর্ডবিল প্রণয়ন, অ্যাপারেল বোর্ড গঠনসহ আইন ও নীতি সংস্কার হচ্ছে না। এ ছাড়া মালিকদের চাপে উেস করের হার ১ দশমিক ২০ শতাংশ কমিয়ে দশমিক ৮০ শতাংশ করা হয়েছে।

গবেষকেরা বলছেন, গার্মেন্টস খাতে ট্রেড ইউনিয়নের সুযোগ সীমিত। তার ওপর ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ৪০-৫০ জনের হাতে কুক্ষিগত। কোনো কোনো ক্ষেত্রে কারখানা পর্যায়ে ট্রেড ইউনিয়ন নেতা অর্থের বিনিময়ে মালিকের স্বার্থে কাজ করেন।