পোশাক খাতে শ্রমিকদেরনিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ভবনধসে হতাহতের ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। তাদের প্রতিবেদনে ঘটনার বর্ণনার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে গুরুত্বসহকারে।গতকাল বৃহস্পতিবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পাঁচ মাসের কম সময়ের মধ্যে আবার সাভারে এই হতাহতের ঘটনা ঘটল। বাংলাদেশের পোশাকশ্রমিকেরা যে কতটা অনিরাপদ পরিবেশে কাজ করেন, সেটাকেই আবার দেখিয়ে দিল এই ঘটনা।ভারতের এনডিটিভি গতকাল এক প্রতিবেদনে বলেছে, ভবনটি আগের দিন ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ার পরও পরদিন কাজ করতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন উদ্ধার পাওয়া শ্রমিকেরা। ওয়াশিংটনভিত্তিক ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা এনডিটিভিকে বলেন, বাংলাদেশ সরকার কয়েক বছর ধরে পোশাক কারখানায় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু এই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি।কাতারভিত্তিক আল-জাজিরা লিখেছে, বাংলাদেশে ভবনধসে দুই শতাধিক মানুষ নিহত হওয়ার পরদিন গতকাল ঢাকায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ। তাঁরা পোশাকশিল্পের মালিকদের মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দেন।যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে পশ্চিমা ক্রেতাদের কাছে প্রশ্ন রেখেছে, এরপর আপনি যখন ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা প্রিমার্ক ব্র্যান্ডের একটি টি-শার্ট আড়াই ডলার দিয়ে কিনবেন, তখন কি আপনার জানতে ইচ্ছে হবে যে দাম এত কম হয় কীভাবে। কারণ, যাঁরা এগুলো তৈরি করেন, তাঁদের পর্যাপ্ত মজুরি দেওয়া হয় না। ভবনধসে নিহতের ঘটনা পশ্চিমা কোম্পানিগুলোকেও তাদের দায়িত্ব সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে বলে জানায় টেলিগ্রাফ।ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বুধবার এক প্রতিবেদনে বলে, বিশ্বের অন্যতম বড় পোশাক খাত বাংলাদেশে। পশ্চিমা বড় ব্র্যান্ডগুলো সেখান থেকে কম মজুরিতে পোশাক তৈরি করে। আমস্টারডামভিত্তিক ক্লিন ক্লথ ক্যাম্পেইনের মুখপাত্র টেসিল পাউলি বিবিসিকে বলেন, যেসব কোম্পানি ওই সব ফ্যাক্টরিতে পোশাক তৈরি করে, এ ঘটনায় তাদের উচিত জরুরি ত্রাণ সরবরাহ এবং দীর্ঘ মেয়াদে ক্ষতিপূরণ দেওয়া। এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যর্থতার দায়দায়িত্বও তাদের নিতে হবে।যুক্তরাজ্যের আরেকটি পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশে ফ্যাক্টরি ভবন ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। ওই সব ফ্যাক্টরিতে পশ্চিমা বিশ্বের নামীদামি ব্র্যান্ডের পোশাক তৈরি হয়।যুক্তরাষ্ট্রের সিএনএন এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের দুর্ঘটনাপ্রবণ পোশাক খাতে সর্বশেষ বিপর্যয়ে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এই খাতে দেশটিতে কাজ করেন ৪০ লাখের বেশি শ্রমিক, যাঁদের বেশির ভাগ নারী। কিন্তু কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই দুর্ঘটনায় জীবন দিতে হয় তাঁদের।দ্য ওয়াশিংটন পোস্ট-এর খবরে বলা হয়েছে, বছরের পর বছর ধরে বাংলাদেশের পোশাক খাতে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এর আগে গত নভেম্বরেরই একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত হন। ওয়াল স্ট্রিট জার্নাল-এ একই উদ্বেগ প্রকাশিত হয়েছে।দ্য নিউইয়র্ক টাইমস লিখেছে, যে ভবনধসে হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের পোশাক তৈরির কয়েকটি কারখানা ছিল। পাঁচ মাস আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও এই ঘটনা ঘটায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর উচিত দেশটির তৈরি পোশাক খাতে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে কাজ করা।