পোশাক খাতে সমর্থন অব্যাহত রাখার আহ্বান ইউনূসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পোশাক খাতে সমর্থন অব্যাহত রাখার জন্য পোশাক আমদানিকারক কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানিয়েছেন।জাপানের টোকিওতে ১১-১৩ জুন অনুষ্ঠিত ‘কনজুমার গুডস ফোরাম’-এ শীর্ষ পর্যায়ের কয়েকটি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান। কনজিউমার গুডস ফোরামের ওই সম্মেলনে তিনি অন্যতম প্রধান বক্তা ছিলেন। গতকাল রোববার ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের অবস্থা পর্যালোচনার জন্য অধ্যাপক ইউনূস প্রধান নির্বাহী কর্মকর্তাদের তাঁর সঙ্গে একটি পৃথক বৈঠকে আমন্ত্রণ জানান। প্রায় এক ঘণ্টার ওই একান্ত বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশের পোশাক খাতে তাঁদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস পোশাক প্রস্তুতকারী প্রতিটি দেশের জন্য পৃথক ‘আন্তর্জাতিক ন্যূনতম মজুরি’ এবং স্বতন্ত্র সামাজিক ব্যবসা কোম্পানির পরিচালনায় শ্রমিককল্যাণ কর্মসূচির আওতায় ‘হ্যাপি ওয়ার্কারস’ ট্যাগ ব্যবহার-সংক্রান্ত তাঁর দুটি প্রস্তাব বিশদভাবে ব্যাখ্যা করেন।বৈঠকে অংশগ্রহণকারী প্রধান নির্বাহী কর্মকর্তারা উভয় বিষয়ে তাঁদের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশকে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে একটি আকর্ষণীয় দেশ হিসেবে গড়ে তুলতে এবং যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তাদের ফিরিয়ে আনার জন্য একসঙ্গে কাজ করার জন্য ইউনূস প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন ওয়াল-মার্টের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল ডিউক, ইউনিক্লোর চেয়ারম্যান ও সিইও তাদাশি ইয়ানাই, পিক অ্যান্ড পে স্টোর লিমিটেডের চেয়ারম্যান গ্যারেথ আকেরম্যান, এওন কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট মতোয়া ওকাদা, ক্যারিফোরের সিইও জর্জ প্লাসাট প্রমুখ।