পোশাক খাতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস বার্নিকাট। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বৈঠক। দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস বার্নিকাট। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বৈঠক। দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস বার্নিকাট বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ যাতে এই খাতের চাহিদাগুলো পূরণ করতে পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের দায়ে দণ্ডপ্রাপ্ত খুনি যুক্তরাষ্ট্রে অবস্থানকারী রাশেদ চৌধুরীর প্রত্যর্পণ সম্পর্কে বার্নিকাট বলেন, এটি বিচার বিভাগীয় প্রক্রিয়ার আওতায় রয়েছে। তাঁর প্রত্যর্পণ নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল বুধবার সকালে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। খবর বাসসের।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, তৈরি পোশাক খাতের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া ব্যবস্থা সম্পর্কে বার্নিকাট বলেন, ‘আমরা বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। বাংলাদেশ যাতে এই খাতের চাহিদাগুলো পূরণ করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’ প্রেস সচিব জানান, মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, সে দেশের ক্রেতারা বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকদের অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসাও করেন।
ইহসানুল করিম জানান, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট। তিনি বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপেরও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সম্পর্কে তাঁর বক্তব্য পুনরুল্লেখ করে বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো ধর্ম ও দেশ নেই। তিনি বলেন, ‘আমি নিজে সন্ত্রাসবাদের শিকার এবং বাংলাদেশের জনগণকে এ জন্য অনেক ভুগতে হয়েছে। মানবজাতিকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে রক্ষা করতেই হবে।’
যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে যোগাযোগব্যবস্থা। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে মোটরযান চলাচল চুক্তি স্বাক্ষর ও বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার চলমান উদ্যোগ এবং ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির কথা উল্লেখ করেন।
বেসরকারীকরণ হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আর কোনো সরকারি শিল্পকারখানা বেসরকারি করা হবে না। গতকাল তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন কাউন্সিলের (এনআইসিডি) দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভা শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশে শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগ বোর্ড (বিওআই) ও প্রাইভেটাইজেশন কমিশন একীভূত করা হবে বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, অতীতে বন্ধ সরকারি শিল্প কলকারখানার অব্যবহৃত জমি নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এসব জমি শিল্পপার্ক স্থাপনের জন্য ব্যবহার করা হবে।