পোশাক খাতের করপোরেট কর ১০ শতাংশ করার দাবি
পোশাক খাতের জন্য করপোরেট কর বর্তমানের ৩৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ নির্ধারণের যৌথ দাবি জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।
আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এই দাবি জানান সংগঠন তিনটির নেতারা।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থসচিব মাহবুব আহমেদ, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান অংশ নেন।
ব্যবসায়ীদের পক্ষে ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক।
তিন সংগঠনের যৌথ দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, পোশাক খাতের জন্য করপোরেট কর ১০-৩৫ শতাংশের মধ্যে কোনো একটি নির্ধারণ করা হবে। এর জন্য আইন সংশোধন করতে হবে। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে তা করতে চেষ্টা করবেন। তবে সুনির্দিষ্ট কোনো হার উল্লেখ করেননি তিনি।
বৈঠকে ব্যবসায়ীরা বলেন, বর্তমান হারে আয়কর নিরূপণ করা হলে পোশাক খাতের উদ্যোক্তাদের হাতে এই শিল্পে পুনর্বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ থাকবে না।
ব্যবসায়ীদের দাবির বিষয়ে বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মতামত চান অর্থমন্ত্রী। কিন্তু তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মতামত দেননি।