পোশাক খাতের নতুন মজুরির বাস্তবায়ন দেখতে কমিটি
পোশাক খাতে নতুন মজুরি কাঠামো ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রধান কারখানা পরিদর্শকের (সিআইএফ) নেতৃত্বে ত্রিপক্ষীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। সরকার পক্ষ, মালিক ও শ্রমিক প্রতিনিধি এই কমিটিতে থাকবেন। মজুরি কাঠামো বাস্তবায়নে কোনো ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।গতকাল সোমবার রাতে ঢাকায় তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত ও ঘোষণা আসে।বৈঠকে উপস্থিত শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশে বলেন, কোনো মালিক শ্রমিকদের বঞ্চিত করলে এর প্রতিবাদে শুরুতেই রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সিআইএফের নেতৃত্বাধীন স্টিয়ারিং কমিটিকে লিখিত অভিযোগ জানাতে হবে। অভিযোগ পাওয়ার পরপরই গুরুত্বের সঙ্গে সমস্যাগুলোর সমাধান করা হবে।শ্রম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম বৈঠকে ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে কোনো কোনো শিল্পমালিক যে শ্রমিকদের ভাঁওতা দিয়েছেন, এর তথ্য তুলে ধরেন। কারখানা বা মালিক পক্ষের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আমি একজন মালিকের দেওয়া পে-স্লিপ পেয়েছি। একজন শ্রমিকের মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতার কথা পে-স্লিপে উল্লেখ না করেই কেবল তাঁর পদবি ও মোট বেতন লিখে দিয়েছে মালিক পক্ষ। ন্যূনতম মজুরি কাঠামো অনুযায়ী ওই শ্রমিকদের মূল বেতন তিন হাজার ৮০০ টাকা। আর অন্যান্য সুবিধা নিয়ে মোট মজুরি হওয়ার কথা ছয় হাজার টাকা। কিন্তু মালিক পক্ষ পে-স্লিপে তার মোট মজুরি লিখে দিয়েছে চার হাজার টাকা। তিনি শিল্পমালিকদের এ ধরনের আচরণ পরিহার করার আহ্বান জানান।বেগম মন্নুজান সুফিয়ান জানান, বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি নির্ধারণে কিছুটা বৈষম্য রয়েছে। তা সমাধানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি বিভিন্ন গ্রেডে মজুরি পুনর্নির্ধারণ করবে। সভাপতির বক্তব্যে বিজিএমইএর সভাপতি আবদুুস সালাম মুর্শেদী বলেন, সরকারঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো অনুযায়ী সব মালিক শ্রমিকের মজুরি পরিশোধ করবেন। কোনো মালিক এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ইতিমধ্যেই ৮০ থেকে ৮৫ শতাংশ কারখানায় নতুন কাঠামো অনুযায়ী মজুরি দেওয়া হয়েছে।মতবিনিময় সভায় শ্রমিকনেতারা দাবি করেন, গত শনি ও রোববার পোশাক খাতে বিশৃঙ্খলার সঙ্গে শ্রমিকেরা জড়িত ছিলেন না। লুঙ্গি পরা যেসব ব্যক্তি ভাঙচুর করেছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়ারও দাবি জানান তাঁরা। সভায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।