পোশাক পরছে আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একাডেমি মোড় এলাকায় নিজের বাগানের গাছের আমে বিশেষ মোড়ক লাগিয়েছেন শামীম আহমেদ খান। গত বৃহস্পতিবারের ছবি l সাজিদ হোসেন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একাডেমি মোড় এলাকায় নিজের বাগানের গাছের আমে বিশেষ মোড়ক লাগিয়েছেন শামীম আহমেদ খান। গত বৃহস্পতিবারের ছবি l সাজিদ হোসেন

দূর থেকে দেখে মনে হয় গাছে কতগুলো কাগজের প্যাকেট ঝুলছে। সামনে এগোতেই ভুল ভাঙল। জানা গেল, ওই ব্যাগগুলো হচ্ছে আমের একধরনের বিশেষ পোশাক, যাকে ফ্রুট ব্যাগ বলা হচ্ছে। আমের গায়ে যাতে মাকড়সা বসতে না পারে, আম ছিদ্রকারী পোকা আক্রমণ করতে না পারে, সে জন্যই এই পোশাক পরিয়েছেন চাষিরা।
এই ব্যাগ বৃষ্টিতে ভিজে নষ্ট হয় না, আমের গায়ে আলো-বাতাস চলাচলেও সমস্যা করে না। প্রতিটি চার টাকা দামের এই ব্যাগ দুবারের বেশি ব্যবহার করা যায় না। চাঁপাইনবাবগঞ্জ জেলা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হিসাবে, গত বছর প্রায় ৪ লাখ ফ্রুট ব্যাগ আমের গায়ে ঝোলানো হয়েছিল। এ বছর ইতিমধ্যে ৪ লাখ পিস ঝোলানো হয়েছে, মোট লক্ষ্যমাত্রা ২৫ লাখ ব্যাগের।
গত বছরও এই ব্যাগ চীন থেকে আমদানি করে চাহিদা মেটানো হয়েছে। তবে এ বছর চাঁপাইনবাবগঞ্জ সদরেই এই ব্যাগ তৈরির একটি কারখানা গড়ে উঠেছে। দেশের আরও কয়েকটি স্থানে এমন কারখানা গড়ে ওঠার কাজ শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন আমচাষি, ব্যবসায়ী ও গবেষকের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত গত বছর বিদেশে আম রপ্তানি শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে কীটনাশকমুক্ত ও নিরাপদ আম উত্পাদনের চেষ্টা শুরু হয়েছে। আম রপ্তানিযোগ্য করতে হলে প্রধান শর্ত কীটনাশকের অবশেষ বা রেসিডিউমুক্ত এবং দেখতে আকর্ষণীয় হতে হবে।
গত বছর বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালমার্টে বাংলাদেশের আম রপ্তানি শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদরের সচ্ছল আমচাষি ইসমাইল খান শামিমের ৩২ বিঘা আয়তনের বিশাল বাগানে গিয়ে দেখা গেল, এক-তৃতীয়াংশ আমগাছেই ফ্রুট ব্যাগ পরানো হয়েছে। ইসমাইল খান বলেন, গত বছর ফ্রুট ব্যাগ পরানোর কারণে আমে পোকামাকড়ের আক্রমণ কম হয়েছিল। আম দেখতেও সুন্দর ও স্বাদের হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী, গত বছর থেকে ব্যাপক ভিত্তিতে আমের গায়ে এই ব্যাগ ঝোলানো কার্যক্রম শুরু হয়েছে। দেশের বাজারেও ফ্রুট ব্যাগ পরানো আমের চাহিদা বেড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমের গুটি আসার ৪০ থেকে ৪৫ দিন পর ব্যাগ পরাতে হয়। এতে আমে আর কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। পরিপক্ব হওয়ার এক সপ্তাহ আগে ব্যাগ খুলে তা বাজারে বিক্রি করা যায়।’