পোশাক পেয়ে উল্লসিত খুদে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য গতকাল মঙ্গলবার ছিল অন্য রকম আনন্দের দিন। প্রথমবারের মতো বিনা মূল্যে নতুন পোশাক (স্কুল ড্রেস) পেয়ে তারা উল্লসিত হয়ে ওঠে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণির ১৪৫ জন শিক্ষার্থীর হাতে নতুন পোশাক তুলে দেন।
সাব-রেজিস্ট্রি অফিস থেকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) জন্য বরাদ্দ করা (১%) অর্থের একাংশ দিয়ে চেয়ারম্যান শরিফুল আলম ওই পোশাক কিনে দিয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসানের পরামর্শে চেয়ারম্যান এ উদ্যোগ নেন।
ইউএনও রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শরিফুল আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ পারভীন ও ইউপি সদস্য শামীমা সুলতানা।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, সানজিদা খাতুন ও মুসলিমা খাতুন এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, বিদ্যালয় হতদরিদ্র এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের আশপাশের বাসিন্দাদের বেশির ভাগই পেশায় ইটভাটার শ্রমিক অথবা দিনমজুর। প্রতিবছর সন্তানদের নতুন স্কুল ড্রেস কিনে দেওয়ার অনেকেরই সাধ্য নেই। যে কারণে পুরোনো পোশাক পরেই শিশুরা স্কুলে আসে। আবার একমাত্র স্কুল ড্রেস ছিঁড়ে যাওয়া বা ময়লা থাকার কারণে বিনা ড্রেসেই অনেকে স্কুলে আসে। অভিভাবকদের আর্থিক অসক্ষমতার বিষয়টি জানার পর শিশুদের ওপর চাপ দেওয়া যায় না।
চতুর্থ শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন বলে, ‘বিনা ড্রেসে স্কুলি আসতি লজ্জা করে। যে জন্যি স্কুল কামায় হয়, আর পড়াশুনাও ঠিকমতো হয় না। নোতন জামা পাইয়ে পড়ালিকায় জোর দেবে সব্বাই।’ অভিভাবক সখিনা খাতুন বলেন, ‘বিনে পয়সায় স্কুল ডেস পাইয়ে ছেলেপিলেরা খুপ খুশি হয়েছে। এবেড্ডা আর কেউ স্কুল কামায় করবে না।’