পোশাক মালিকদের প্রতীকী অনশন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বস্ত্র ও পোশাক খাতে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। তবে চলমান অবরোধ-হরতালে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। ২৫ পোশাক কারখানারই ক্ষতি হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়া ক্রেতারা বাংলাদেশে আসছেন না। স্বাভাবিক সময়ের চেয়ে ক্রয়াদেশ কমেছে ২৫-৩০ শতাংশ।
এমন প্রেক্ষাপটে চলমান সহিংসতা বন্ধের দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশন এবং হরতাল-অবরোধ বন্ধে আইনি প্রক্রিয়া শুরু করবেন বস্ত্র ও পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ ছাড়া পরবর্তী আন্দোলন কর্মসূচি এবং দাবিদাওয়া আদায়ের জন্য বস্ত্র ও পোশাক খাতের সব সংগঠনকে নিয়ে একটি ফোরাম গঠন করা হবে।
বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ আয়োজিত ‘চলমান সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থা এবং পোশাক ও বস্ত্রশিল্পে এর নেতিবাচক প্রভাব’ বিষয়ে জরুরি মতবিনিময় সভায় গতকাল বুধবার বিকেলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিন আয়োজক সংগঠনের বর্তমান ও সাবেক এবং পশ্চাৎমুখী সংযোগশিল্পের কয়েকটি সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ ব্যবসায়ী অনশন কর্মসূচির বিষয়ে মত দেন। তবে বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস তাঁর বক্তব্যে বলেন, ‘অনশন একটা হোমিওপ্যাথি চিকিৎসা। আস্তে আস্তে আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসায় হাত দিতে হবে। দুই দলের ১০ নেতাকে আমাদের সামনে সংলাপে বসাতে হবে। তাঁরা যদি আমাদের সম্মান করে সংলাপে না বসেন, তবে জোর করে বসাব—এমন কর্মসূচি দিতে হবে।’
মতবিনিময় সভার শুরুতেই আতিকুল ইসলাম টানা অবরোধ-হরতালে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে পোশাক রপ্তানির বড় আটটি বাজারে মোট ৪৮ দশমিক ৭০ শতাংশ কম প্রবৃদ্ধি হয়েছে। আবার একই সময়ে রপ্তানি প্রবৃদ্ধির বিচারে বাংলাদেশ প্রতিযোগী দেশ ভারত ও ভিয়েতনামের কাছে হেরে গেছে। তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা সুযোগ নিচ্ছেন। তাঁরা পোশাকের মূল্য (সিএম) ২০-৩০ শতাংশ কমিয়ে দিয়েছেন।’ তিনি জানান, পোশাকশিল্পে এখন পর্যন্ত ১৪৯ কোটি ৪৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে ৬ হাজার ৭১০ কোটি টাকার পোশাক রপ্তানি।
সভাপতির বক্তব্যের পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন পোশাক ব্যবসায়ীরা। তাঁরা বলেন, রাজনৈতিক অস্থিরতার জন্য ব্যবসা করতে পারছেন না। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখনো শ্রমিকদের মজুরি দিতে পারলেও আগামী মাসগুলোতে দিতে পারবেন কি না সন্দেহ। কারণ, বর্তমান অবস্থা দীর্ঘ মেয়াদে চললে আগামী দু-তিন মাস পর অনেকের কারখানাতেই কাজ থাকবে না।
এ সময় লং ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ মো. বখতিয়ার বলেন, ‘আমরা পরিবহন ব্যবসায়ীরা একসময় ঘাতক হিসেবে পরিচিত ছিলাম। সেই দুর্নাম এখন ঘুচে গেছে। কারণ রাজনীতিকেরাই এখন ঘাতক।’
সভায় উপস্থিত ব্যবসায়ীরা আরও বলেন, বাংলাদেশের আজকের অর্জন রাজনীতিকদের খামখেয়ালির জন্য ধ্বংস হতে পারে না। এ জন্য প্রয়োজনে পোশাক ও বস্ত্র খাতের সব শ্রমিক কর্মচারীকে নিয়ে রাস্তায় নামার বিষয়েও মত দেন তাঁরা। ব্যবসায়ীরা সংকট নিরসনে সরকার ও বিএনপির দলীয় নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানানোর পাশাপাশি হরতাল-অবরোধ বন্ধে আইন, ব্যাংকঋণ পুনঃ তফসিল করাসহ বিভিন্ন দাবি করেন।
তবে শ্রমিকদের রাস্তায় নামানোর বিষয়ে দ্বিমত পোষণ করেন সাংসদ ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী। তিনি বলেন, ‘শ্রমিকদের নিয়ে রাস্তায় নামা শেষ অস্ত্র। কিন্তু মনে রাখতে হবে, এই শ্রমিকেরাই আমাদের কারখানা পুড়িয়ে দিয়েছিল। রাজপথে নামার পর তাদের বন্দুক যে কোন দিকে ঘুরবে সেটি বলা যায় না। তাই আগে শ্রমিকদের বোঝাতে হবে, কেন আমরা তাদের সাহায্য চাই। কারণ আজকে আমরা ক্ষতিগ্রস্ত, কালকে এর প্রভাব তাদের ওপরও পড়বে।’
এদিকে, বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুসারে ৫০০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণগুলো খেলাপি হলে ১২ বছরের জন্য পুনর্গঠন করা যাবে। গতকালের মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের তীব্র ক্ষোভ জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘৩১ পরিবারকে বাঁচানোর জন্য সরকার আইন করেছে। আমরা এ সিদ্ধান্তকে ধিক্কার জানাই। তিনি প্রশ্ন করেন, সরকার কি ৩১ পরিবারের, নাকি সকলের?’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী খান, গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইয়ার্ন ডাইং অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন আলমগীর প্রমুখ।