পোশাক রপ্তানি বাড়াতে উৎসবিধি শিথিলে রাজি জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নিটওয়ার পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে জাপান সে দেশের বাজারে জন্য উৎসবিধি শিথিল করতে রাজি হয়েছে। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে জাপান এ সিদ্ধান্তের কথা জানায়।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সকালে তাঁর দপ্তরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী শিনসুকে সুগিইয়ামার সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকের সময় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে বৈঠকটি হয়।
শহীদুল হক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, জাপান নীতিগতভাবে সে দেশের বাজারে বাংলাদেশের নিটওয়ার পণ্যের উৎসবিধি শিথিল করতে রাজি হয়েছে। কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করা হবে, এখন এটি ঠিক করা হবে।
পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশের নিটওয়ার পণ্যের উৎসবিধি শিথিল করতে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে অনুরোধ জানিয়েছিলেন। তিনি জানান, পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠকে দুই দেশের সম্পর্কের ব্যাপারে জাপান ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিশেষ করে দুই প্রধানমন্ত্রীর সফরের পর নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিতে দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে শহীদুল হক বলেন, এ ব্যাপারে সাম্প্রতিক সময়ের অগ্রগতি নিয়ে জাপান সন্তোষ প্রকাশ করেছে। বিপুল বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের শিল্পায়নে জাপানের আগ্রহের বিষয়টি বৈঠকে স্পষ্ট করে জানানো হয়েছে।
এদিকে ঢাকায় জাপান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর শেখ হাসিনার টোকিও সফর এবং শিনজো আবের ঢাকা সফরের পর গত ছয় মাসে বাংলাদেশে জাপানি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩ থেকে বেড়ে ২২৩ হয়েছে।
উচ্চ মানের নিটওয়্যার পণ্য উৎপাদনের জন্য বাংলাদেশ অন্য দেশ থেকে সুতা আমদানি করে বলে নির্দিষ্ট কিছু নিটওয়্যার পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পায় না।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক প্রথম সভাপতি মোহাম্মদ হাতেম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, উৎস বিধি শিথিল জাপানের বাজারে বাংলাদেশের নিটওয়্যারের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করবে।