পোশাক রপ্তানি বিঘ্নিত করার ষড়যন্ত্র হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তৈরি পোশাক রপ্তানি বিঘ্নিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কেবল দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্র করা হয়েছিল। এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলাম বলে ষড়যন্ত্র সফল হয়নি।’

আজ রোববার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিতরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি গার্মেন্টস পল্লি স্থাপনের লক্ষ্যে সরকার ভূমি বরাদ্দ দিয়েছে। এই পল্লি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় কাজ চলছে। আপনারা কিছু উদ্যোগ গ্রহণ এবং অর্থ ব্যয় করলে এটি দ্রুত সম্পন্ন করা যেতে পারে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্প মালিকদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি আপনারা কৃপনতা দেখিয়েছেন ও টাকা বাঁচিয়েছেন। সেটাই সমস্যা।’

প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টস পল্লি প্রতিষ্ঠার জন্য গ্যাস সরবরাহ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। আপনারা অর্থ ব্যয় এবং আপনাদের কারখানাগুলো স্থানান্তর করতে শুরু করলে এই পল্লিতে কোনো সমস্যা হবে না। প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আরও বৃদ্ধি এবং অর্থনীতি জোরদার করার লক্ষ্যে বিদেশে নতুন নতুন বাজার খুঁজে বের করার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে ব্যবসাবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সরকার কখনো ব্যবসা করতে চায় না। বরং এ সরকার দেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তি দেওয়ার জন্য ব্যবসা-বাণিজ্য জোরদার করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ‘ব্যবসা করার জন্য আমরা সরকার গঠন করিনি। বরং আমরা এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের দায়িত্বে রয়েছি যাতে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে পারেন এবং আমরা ইতিমধ্যে সে পরিবেশ নিশ্চিত করেছি।’

নারী গার্মেন্টস শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশের অর্থনীতি জোরদার করতে অবদান রাখছে এবং বাড়তি সময় কাজ করে বায়ারদের রপ্তানি চাহিদা পূরণ করছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শ্রমিকদের আরও কল্যাণ নিশ্চিত করার জন্য গার্মেন্টস শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান। কারণ, তারা হচ্ছে তৈরি পোশাক শিল্প খাতের মূল চালিকাশক্তি।

রানা প্লাজা দুর্ঘটনা ও তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডসহ তৈরি পোশাক শিল্প খাতের বেশ কিছু দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত সাফল্যের সঙ্গে মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, ‘আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি সাংসদ টিপু মুন্সী ও আতিকুল ইসলাম।