পোশাক শ্রমিকদের উৎসব ভাতা রোববারের মধ্যে
তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকদের কোরবানির ঈদের উৎসব ভাতা রোববারের (২০ সেপ্টেম্বর) মধ্যে পরিশোধ করতে হবে। এ ছাড়া ঈদের আগে চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়া হবে। শ্রম আইনে উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানিয়েছেন।
আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, শ্রম আইনে উৎসব ভাতা দেওয়ার কথা না থাকলেও মালিকেরা এটি দিয়ে আসছেন। এ জন্য ২০ তারিখের মধ্যে এই উৎসব ভাতা পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রম আইন অনুসারে বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ঈদের কারণে শ্রমিকদের অন্তত ১৫ দিনের বেতন দেওয়ার অনুরোধ করা হয়েছে। এতে তাঁরা রাজি হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনের বিধি চূড়ান্ত হয়েছে। আগামীকাল এর গেজেট জারি হবে। ওই বিধিতে উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় ঈদের ছুটি আগের মতো পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।