পোশাক শ্রমিকদের জন্য আমৃত্যু আইনি লড়াইয়ের ঘোষণা ড. কামালের
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সাভারে ভবনধসে দোষীদের শাস্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায়ে মৃত্যুর আগ পর্যন্ত আইনি লড়াই চালাবেন। এ বিষয়ে তিনি আগামী রোববার আদালতের শরণাপন্ন হবেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘সাভার ট্র্যাজেডি: আইন ও সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে গামেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
সেমিনারে বক্তারা প্রত্যেক ক্ষতিগ্রস্তকে তাঁর ভবিষ্যতের সম্ভাব্য মোট আয়ের সমপরিমাণ অর্থ দেওয়ার দাবি জানান। একটি সরল গাণিতিক হিসাব করে একেকজন শ্রমিককে ন্যূনতম ৪৮ লাখ টাকা দেওয়ার দাবি করেন তাঁরা।
সেমিনারে কামাল হোসেন বলেন, বিদ্যমান আইনে দোষীদের শাস্তি দেওয়া সম্ভব। তবে সব ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ হয় না। আদালত আদেশ দিতে পারেন। কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তিনি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে সরকার, বিজিএমইএ ও মালিকদের ওপর চাপ সৃষ্টির জন্য সব পোশাকশ্রমিক সংগঠনকে আহ্বান জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে শুধু কমিটি ও টাস্কফোর্স গঠন না করে ক্ষতিপূরণ আদায়ের জন্য সরকার, মালিক ও বিদেশি ক্রেতাদের যুক্ত করতে হবে। প্রয়োজনে টাস্কফোর্স গঠন করা যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সাভারের ভবনধসের মতো ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘রানার বিচার কারা করবে? আমার জানামতে, তিন ডজন সংসদ সদস্য পোশাকশিল্পের সঙ্গে জড়িত।’
রানা যুবলীগের কেউ নয়, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া এ বক্তব্যের প্রেক্ষাপটে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রানা কোন দলের ও তাঁর কর্মকাণ্ড কেমন, সে সম্পর্কে সাভারের একটি বাচ্চা ছেলে পর্যন্ত জানে। তিনি সাভার ট্র্যাজেডিকে ‘নষ্ট রাজনীতির পরিণতি’ বলে অভিহিত করেন এবং সব পোশাকশ্রমিকদের একসঙ্গে একটি জাতীয় সম্মেলন করার আহ্বান জানান।
গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এহসার আহমেদ, শ্রমিকনেতা মন্টু ঘোষ, আবুল হোসাইন, তাসলিমা আক্তার, মাইনুদ্দিন মণ্ডল, তৌহিদুর রহমান ও সাভারে ভবনধসে নিখোঁজ চার শ্রমিকের স্বজনেরা।