পোশাক শ্রমিকদের জন্য রেশন চালুর দাবি
পোশাক শ্রমিকদের জন্য রেশন চালুর দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা। তাঁরা বলেন, বর্তমান সরকারি দলের নির্বাচনী ইশতেহারে পোশাক শ্রমিকদের জন্য রেশন চালুর প্রতিশ্রুতি থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশনের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে নেতারা এ কথা বলেন।আধা ঘণ্টার ওই মানববন্ধন কর্মসূচিতে নেতারা বলেন, গত বছর পোশাক শ্রমিকদের মজুরি সামান্য বাড়ানো হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পোশাক শ্রমিকদের জীবন এখন দুর্বিষহ। দেশের অর্থনীতিতে পোশাক শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে এবং বারবার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বার্থেই সরকারের উচিত দ্রুত এসব শ্রমিকদের জন্য রেশন চালু করা।কর্মসূচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কামরুল আহসান, ফেডারেশনের সাফিয়া পারভিন, ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।