পোশাক শ্রমিকদের মানববন্ধন
ঢাকার আশুলিয়া ও সাভারে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের সংস্কার ও বাস্তবায়নসহ আট দফা দাবিতে পোশাকশ্রমিকেরা গতকাল শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে বিকেলে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহরানে সুলতান, ভাড়াটিয়া পরিষদ আশুলিয়া থানা শাখার সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, শ্রমিকনেতা তুহিন চৌধুরী, মাহাতাব উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাভার ও আশুলিয়া এলাকার বাড়ির মালিকেরা বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে থাকেন। অনেক মালিক বছরে দুবারও ভাড়া বৃদ্ধি করেন। অনেকে আবার মেহমান এলে ভাড়া বেশি নেন। তাঁরা বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর সংস্কার ও আইন বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত চালু করার দাবি জানান।