পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় দুটি পোশাক কারখানা বন্ধ করে দিলে বেতনের দাবিতে শ্রমিকেরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তাঁরা কারখানায় ভাঙচুরও চালান। গতকাল রোববার বেলা দেড়টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।
কারখানা দুটির নাম হচ্ছে ডে অ্যাপারেলস এবং ডে ফ্যাশন লিমিটেড। মুরাদপুরের আতুরার ডিপো এলাকায় এই কারখানা দুটির অবস্থান। ভাঙচুর ও সড়ক অবরোধের সময় রেহেনা ও জরিনা নামে দুই শ্রমিক কিছুটা আহত হন।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, সম্প্রতি কারখানা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুটি কারখানা বন্ধ করে দিতে বলেছে বিদেশি ক্রেতা সংস্থা। সে অনুযায়ী আগে নোটিশ দিয়ে গতকাল থেকে কারখানা দুটির মালিকপক্ষ বন্ধ করে দেয় বলে জানান বিজেইমইএর যুগ্ম সচিব মো. মঈনুদ্দিন। কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা শুনে শ্রমিকদের মধ্যে গত মাসের বেতন পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। দুই কারখানার এক হাজার ২০০ শ্রমিকের বেশির ভাগ রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মুরাদপুর-হাটহাজারী সড়ক অবরোধ করেন। পরে বেলা দুইটার দিকে পুলিশ এসে তাঁদের তুলে দেয়। এ সময় আগামীকাল মঙ্গলবার তাঁদের বেতন দেওয়া হবে বলে পুলিশ ও মালিকপক্ষ আশ্বাস দেয়।
এর কিছুক্ষণ পর কারখানার ভেতরে শ্রমিকেরা হঠাৎ করে ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। এ সময় তাঁরা কারখানার কাচ ও মেশিন ভাঙচুর করেন। একপর্যায়ে কিছু তৈরি পোশাক ছুড়ে রাস্তায় ফেলে দেন বলে অভিযোগ। আহত জরিনা জানান, তাঁদের মালিকের লোকজন মারধর করায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ, শ্রমিক এবং মালিকপক্ষ যৌথ সভায় বসে আজ সোমবারের মধ্যে গত মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, ‘শ্রমিকদের বেতন দেবে না বলে ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। এ সময় আধা ঘণ্টা সড়ক অবরোধ ছিল।’