পোশাককর্মীদের নিয়ে সংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালনকারী পোশাকশিল্পের বৃহৎ কর্মিবাহিনীকে সাংস্কৃতিক ও সংগীতকর্মে সম্পৃক্ত করার উদ্দেশ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পোশাকশিল্প প্রতিষ্ঠানের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও সংগীত প্রযোজনা-প্রতিষ্ঠান গানচিলের সঙ্গে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয় গতকাল। বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ, সিওও আসিফ ইকবাল প্রমুখ।সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে আয়োজকেরা এ সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে পোশাকশিল্পের কর্মীদের নিয়ে একটি গানের অনুষ্ঠান তৈরি করবেন, যা পোশাকশিল্পের মালিক, কর্মী, সরকার, স্বার্থসংশ্লিষ্ট মহল এবং বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে একটি বন্ধন তৈরিতে সাহায্য করবে বলে মন্তব্য করেন।এ সময় বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী দাবি করেন, পোশাকশিল্পের কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধিতে সরকারের সঙ্গে বিজিএমইএ অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, এই ধারাবাহিকতায় দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক উন্নয়ন এবং কর্মিবাহিনীর সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করবে। কুমার বিশ্বজিৎ পোশাকশিল্পের কর্মীদের সংগীতের সঙ্গে সংযুক্ত করার প্রয়াসে গানচিলের সম্ভাব্য সব রকম প্রচেষ্টাই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। গানচিলের সিওও আসিফ ইকবাল জানান, অনুষ্ঠানটির ক্রিয়েটিভ ডিজাইনিং, কলাকুশলী নির্বাচন এবং প্রশাসনিক পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানটির সম্ভাব্য প্রচার সূচি, সম্প্রচার কর্তৃপক্ষ এবং অন্যান্য বিষয় পরবর্তী সময়ে জানানো হবে। তিনি আরও বলেন, ‘অন্যান্য সংগীত প্রতিযোগিতা থেকে এ অনুষ্ঠানটি ব্যতিক্রমী হবে। আমরা আশা করছি, অনুষ্ঠানটি দর্শকের মধ্যে সাড়া জাগাবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী নকীব খান, গানচিলের পরিচালক আফসানা আহমেদ প্রমুখ।