পোশাককর্মীদের বিক্ষোভ, ২০ যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে এমবিএম গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকালে সেখানে ভাঙচুর চালিয়েছেন। একই সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট এলাকার প্রধান সড়ক অবরোধ করে অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন।

পোশাককর্মীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই কয়েক দিন আগে ১৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবিতে আজ তাঁরা বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল আটটায় শ্রমিকেরা এসে কাজ যোগ দেন। এক ঘণ্টা পরে তাঁরা জড়ো হয়ে ১৩ শ্রমিকের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং কারখানায় ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা সংশ্লিষ্ট প্রধান সড়কে গিয়ে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন। সকাল সাড়ে নয়টা থেকে এক ঘণ্টা ধরে এ ভাঙচুর চলে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিরপুর অঞ্চলের পুলিশ গিয়ে তাঁদের ধাওয়া দিলে তাঁরা সড়ক থেকে চলে যান। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তাত্ক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।