পোশাককর্মীদের মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যাপারে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পোশাকশ্রমিকদের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মালিকদের কাছ থেকে মজুরি আদায়ের জন্য আপনার সদয় হস্তক্ষেপ চাই।’

‘বাঁচার মতো মজুরি ঘোষণা, গার্মেন্টস ভাঙচুর বন্ধ, জিএসপি সুবিধা পুনর্বহাল এবং নারী শ্রমিকদের গৃহবন্দী করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ওই সমাবেশের আয়োজন করা হয়। মহাসমাবেশে শ্রমিকদের দাবি ছিল একটাই। সেটা হলো, ন্যূনতম মজুরি বাড়িয়ে আট হাজার টাকা করা। বিজিএমইএ পোশাকশ্রমিকদের মজুরি ৬০০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, শ্রমিকনেতারা তা প্রত্যাখ্যান করেন। সমাবেশে ঘোষণাপত্র পড়েন শ্রমিকনেতা বদরুদ্দোজা মিলন।

মহাসমাবেশে শ্রমিক নেতা ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক শাজাহান খান কারখানার মালিকদের মজুরি বাড়ানোর বিষয়টি বিবেক দিয়ে বিবেচনা করতে বলেন। সমাবেশে অন্য বক্তাদের প্রায় সবাই পোশাকশ্রমিকদের মজুরি বাড়িয়ে ন্যূনতম আট হাজার ১১৪ টাকা করার দাবি করেন। এই দাবি থেকে তাঁরা এক চুলও নড়বেন না বলে ঘোষণা দেন। তবে শ্রমিকনেতা শাজাহান খান তাঁর বক্তব্যে বলেন, দর-কষাকষি করে তিনি একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন।

সমাবেশে শ্রমিক নেত্রী শিরীন আখতার বলেন, ‘শফী হুজুরের রক্ষা নাই, খালেদা জিয়ার রক্ষা নাই।’ তিনি নারী পোশাকশ্রমিকদের নিয়ে কটূক্তি করার জন্য হেফাজতে ইসলামের নেতা আল্লামা শফীর বিচার চান।

‘জানতাম আট হাজার টাকা বেতনের ঘোষণা দেবেন মন্ত্রী’

দুপুর একটায় কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আশুলিয়া থেকে বাসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন পোশাকশিল্পের শ্রমিক জহুরুল ইসলাম। আয়োজক যারা বাস ভাড়া করে নিয়ে এসেছিল, তাদের কাছে জহুরুল জেনেছিলেন, শ্রমিকের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার জন্য যে কথা হচ্ছে, সমাবেশে এর ঘোষণা হবে। সমাবেশের আয়োজক গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শ্রমিকনেতা বটে, কিন্তু এই ঘোষণা দেওয়ার সঠিক ব্যক্তি যে তিনি নন, জহুরুলের মতো অনেকের কাছে সেটা ছিল অজানা। তাই তাঁরা স্বপ্ন নিয়ে এসেছিলেন সমাবেশে। পেয়েছেন আশ্বাস।